সর্বসম্মতিক্রমে ধর্মনগর পুর পরিষদের নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন মিতালী রাণী দাস সেন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ আগস্ট: ধর্মনগর পুরপরিষদের নবনির্বাচিত চেয়ারপার্সন  হিসেবে দায়িত্বভার গ্রহন করলেন মিতালী রাণী দাস সেন। বিগত কিছুদিন পূর্বে ধর্মনগর পুরপরিষদের প্রাক্তন চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে অধিকাংশ কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছিল। সেই অনাস্থা প্রস্তাবের ওপর নির্বাচন প্রক্রিয়ার পরে প্রস্তাবটি পাশ হয়ে যায় এবং তা গৃহীত হয়। তখন চেয়ারপার্সনের পদটি শূন্য হয়ে যায়।

আজ চেয়ারপার্সন পদের জন্য কাউন্সিলরদের নিয়ে এক সভা হয় পুরপরিষদের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা পুরপরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যাম জয় জমাতিয়া, সহকারি কার্যনির্বাহী আধিকারিক অমরচাঁদ বিশ্বাস এবং সভার সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ।

সভায় প্রস্তাব আকারে উপস্থিত কাউন্সিলররা চেয়ারপার্সন হিসেবে মিতালি রানী দাস (সেন)র নাম প্রস্তাব করেন।  সর্বসম্মতিক্রমে মিতালী রানী দাস (সেন)র কে চেয়ারপার্সন হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুর পরিষদের কনফারেন্স হলে।

ধর্মনগর পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেনকে শপথ বাক্য পাঠ করান ধর্মনগরের মহকুমা শাসক তথা পুর পরিষদের মুখ্য কার্য নির্বাহী আধিকারিক শ্যাম জয় জমাতিয়া।