হুগলি, ২৮ আগস্ট (হি.স.): বিজেপির ডাকা বন্ধে হাওড়া-বর্ধমান শাখার মেন লাইনের মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধের জেরে ধন্ধুমার বাধে। পুলিশের বিরুদ্ধে বন্ধ সমর্থকদের ওপর লাঠিচালনার অভিযোগ তোলে বিজেপি। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের ট্রেন অবরোধ তুলতে বলে। কিন্তু অবরোধকারীরা অবরোধ তুলতে রাজি হননি। অভিযোগ, পুলিশ অবরোধ তুলতে লাঠি চালায়। তাতে পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে শেষ অবধি কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়।
বন্ধ সমর্থকরা এ দিন হুগলি জেলার একাধিক রেল স্টেশনে ট্রেন অবরোধ করেন। শ্রীরামপুর, চন্দননগর, হুগলি, হিন্দমোটর, কোন্নগর, ত্রিবেণী স্টেশনেও অবরোধ করা হয়। তাতে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। কোথাও দেড় ঘণ্টা, কোথাও দুঘণ্টা অবরোধ চলে।

