ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স হতে চলেছে প্যারা অলিম্পিকে, আশাবাদী সত্যনারায়ণ

কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিকে সোনার পদক পায়নি ভারত। তবে প্যারা অলিম্পিকে সেই ব্যর্থতা ভুলিয়ে দিতে চাইছেন প্যারা অলিম্পিকে অংশ নেওয়া ভারতের অ্যাথলিটরা। এবারের প্যারা অলিম্পিকে মোট ৮৪ জনের ভারতীয় দল প্যারিসে গেছে। ভারতীয় দলের প্রধান কোচ সত্যনারায়ণের বিশ্বাস, প্যারা অলিম্পিক থেকে অন্তত পাঁচটি সোনা জিতবে ভারতীয় অ্যাথলিটরা। সবমিলিয়ে ভারতীয় অ্যাথলিটরা ১২টি পদক আনবেন ভারতের ঘরে।গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের অ্যাথলিটরা যে ভিলেজে থাকতেন, প্যারা অলিম্পিক গেমসের অ্যাথলিটরাও সেখানেই থাকবেন। ভারত থেকে প্যারিসে উড়ে যাওয়ার পর অ্যাথলিটরা স্থানীয় একটি স্পোর্টস কমপ্লেক্সে কয়েকটা দিন অনুশীলন করবেন। ভরতীয় দল নিয়ে কেন তিনি  আত্মবিশ্বাসী? তাঁর কথায়, চলতি বছরের প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে ভারতীয় অ্যাথলিটরা ৬টি সোনা, পাঁচটি রুপো ও ৬টি ব্রোঞ্জ নিয়ে ফিরেছেন। তাই প্যারা অলিম্পিকেও ভালো ফলের ব্যাপারে আমি আশাবাদী।উল্লেখ্য, প্যারা অলিম্পিকে অংশ নেওয়া প্রতিযোগীদের সঙ্গে ভার্চুয়ালি আলাপচারিতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ‘বিজয়ী ভব’। সেই সঙ্গে অ্যাথলিটদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ১৪০ কোটি ভারতবাসীর আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে। যেভাবে তোমরা এশিয়ান প্যারালিম্পিক ও টোকিও প্যারালিম্পিকে সাফল্য পেয়েছো, সেভাবেই এবারও নতুন নতুন রেকর্ড তৈরি করে সর্বকালের সেরাপারফরম্যান্স করো।