তেলিয়ামুড়া, ১৭ আগস্ট (হি.স.) : কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশের সাথে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা কর্মবিরতিতে শামিল হয়েছেন।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টা বনধের সমর্থন জানিয়ে শনিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতিতে শামিল হন। হাসপাতালের মূল ফটকের সামনে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকরা প্লেকার্ড হাতে নিয়ে তাদের নিরব বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এম.ও.আই.সি চিকিৎসক শাশ্বতী মজুমদার বলেন, আমরা ও.পি.ডি বন্ধ রেখে শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি। আমরা নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে ভয় পাচ্ছি। আমরা কি প্রকৃতপক্ষেই সুরক্ষিত? তিনি কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

