মহারাষ্ট্রে ভোটের দিনক্ষণ ঘোষণা হল না, কারণ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোটগ্রহণ হবে। হরিয়ানা রাজ্যে এক দফায়, ১ অক্টোবর হবে ভোট। কিন্তু, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হল না। কেন ঘোষণা করা হল না, তা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, “গতবার মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচন একসঙ্গে হয়েছিল। সেই সময়ে জম্মু ও কাশ্মীর একটি ফ্যাক্টর ছিল না, কিন্তু এইবার এই বছর ৪টি নির্বাচন এবং এর পরপরই পঞ্চমতম নির্বাচন রয়েছে, যা জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি দিয়ে শুরু হবে। বাহিনীর প্রয়োজনের উপর নির্ভর করে, আমরা একসঙ্গে ২টি নির্বাচন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। অন্য কারণটি হল, মহারাষ্ট্রে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং সেখানে বেশ কয়েকটি উৎসবও আসন্ন।”