দক্ষিণ জাপানে ৭.১ তীব্রতার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

টোকিও, ৮ আগস্ট (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ জাপান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপানের স্থানীয় সময় অনুযায়ী, বিকেল ৪.৪২ মিনিট নাগাদ জাপানের মিয়াজাকিতে ৭.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, মিয়াজাকি, কোচি, ওইটা, কাগোশিমা এবং এহিমে প্রিফেকচারের উপকূলীয় অঞ্চলের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল হিউগানাডা সাগরে। পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশু এবং শিকোকু প্রশান্ত মহাসাগরের উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধির ঝুঁকি রয়েছে এবং মানুষজনকে সমুদ্র উপকূল এবং নদীর তীর থেকে দূরে থাকতে বলা হয়েছে।