(Update) টেকঅফের ৩-মিনিটের মধ্যেই যোগাযোগ-বিচ্ছিন্ন, নেপালে হেলিকপ্টার ভেঙে মৃত ৫

কাঠমাণ্ডু, ৭ আগস্ট (হি.স.): নেপালের নুওয়াকোট জেলায় ভেঙে পড়লো একটি এয়ার ডাইনেস্টি হেলিকপ্টার। বুধবার দুপুরে নুওয়াকোটের শিবপুরী ন্যাশনাল পার্ক এলাকায় ভেঙে পড়ে এয়ার ডাইনেস্টি হেলিকপ্টারটি। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, তাঁদের মধ্যে ৪ জন চিনের নাগরিক।ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র সুবাশ ঝা বলেছেন, হেলিকপ্টারটি দুপুর ১.৫৪ মিনিট নগদ কাঠমাণ্ডু থেকে রওনা হয়েছিল এবং স্যাপ্রুবেসি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। হেলিকপ্টারে মোট ৫ জন ছিলেন, তাঁদের মধ্যে ৪ জন চিনা নাগরিক, তাঁরা রাসুয়ার উদ্দেশে যাচ্ছিলেন। হেলিকপ্টারটি সিনিয়র ক্যাপ্টেন অরুণ মাল্লা ওড়াচ্ছিলেন। টেকঅফের মাত্র ৩ মিনিট পর হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।