নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): অলিম্পিকে কুস্তির ফাইনালে উঠেও ভিনেশ ফোগাটের বাতিল হওয়ার ঘটনা নিয়ে ঝড় উঠেছে রাজনীতির ময়দানেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পরে এ বার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। অখিলেশ গভীর তদন্ত চেয়েছেন। হিন্দিতে এক্স হ্যান্ডলে অখিলেশ লিখেছেন, ‘‘ফোগাটের ফাইনালে না খেলার আলোচিত ‘টেকনিক্যাল’ কারণগুলির গভীর তদন্ত হওয়া উচিত। নিশ্চিত করা উচিত যে সত্যটি কী এবং এর পিছনে আসল কারণ কী।’’ এ বিষয়ে অখিলেশের স্ত্রী ও সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেছেন, “কেন তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত। সরকারকে অবশ্যই একটি বিবৃতি জারি করতে হবে এবং এর তদন্ত করা উচিত।”
2024-08-07

