সাহস থাকলে কেশাগ্র ছিড়ে দেখাক, দূর্নীতির অভিযোগে চ্যালেঞ্জ সুদীপের

আগরতলা, ৪ আগস্ট : ৪০ কোটির দূর্নীতির দায়ে স্বাস্থ্য মন্ত্রীর পদ খুইয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এই সুরেই সুদীপ রায় বর্মনকে নিশানা করেছিলেন মন্ত্রী সুধাংশু দাস। তার জবাবে আজ ঝাঁঝালো সুরে সুদীপ চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সাহস থাকলে কেশাগ্র ছিড়ে দেখাক।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে ফটিকরায় বিধানসভার রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের এমরাপাশা বাজারে এক জনসভায় ভাষণে মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখেন, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন ৪০ কোটি টাকার দুর্নীতি করেছিলেন। তাই তদানিন্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। 

আজ সুদীপ বর্মন তাঁর বিরুদ্ধে অভিযোগের খন্ডন করেন। তাঁর চ্যালেঞ্জ, সাহস থাকলে কেশাগ্র ছিড়ে দেখাক। তাঁর দাবি, সত্যের পথে আছি এবং কখনো সত্য কথা বলতে দ্বিধাবোধ  করিনা। তিনি জানতে চেয়েছেন, তাঁকে মন্ত্রীর পদ থেকে সরানো হয়েছিল ২০১৯ সালের  ৩১ মে এবং প্রায় ৫ বছর পর এই অভিযোগ কেন তুলা হচ্ছে? তাঁর দাবি, এই অভিযোগের  কোন ভিত্তি নেই। এই সমস্ত  ভিত্তিহীন অভিযোগ তুলে নিজেকে হালকা মন্ত্রী হিসাবে পরিচয় দিচ্ছেন সুধাংশু দাস।