ঘাটালের ঝুমি নদীতে বন্যা, সাতটি বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

ঘাটাল, ২ আগস্ট (হি.স.) : পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের ঝুমি নদীতে টানা কয়েকদিনের বৃষ্টিতে জল বেড়ে যাওয়ায় সাতটি বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। নদীতে ভেসে আসা কচুরিপানার চাপে সাঁকোগুলি ভেঙে যাওয়ায় চারটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চাশটিরও বেশি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার সকালে পরিস্থিতি পরিদর্শন করতে ওই এলাকায় যান ঘাটালের এসডিও সুমন বিশ্বাস। তিনি জানান, “আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল পাই, এখনও পর্যন্ত জল বিপদ সীমার নিচে বইছে।” নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় বর্তমানে নৌকায় পারাপার চলছে। এসডিও স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে নৌকাতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য। প্রতিটি নৌকা যাতে ফিট থাকে সে বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি।

পরিস্থিতির কারণে মনসুকা এল এন হাই স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যোগাযোগের জন্য খেয়া দেয়া হয়েছে, খেয়াতেই পারাপার করছেন মানুষজন। জানা গিয়েছে আরও দুটি খেয়া দেয়া হবে।

উল্লেখ্য, ২০২১ সালে ঝুমি নদীর উপর ভগবতী সেতু তৈরির কাজ শুরু হলেও এখনও পর্যন্ত তা শেষ হয়নি। সেতুটি তৈরি হলে এমন সমস্যার সম্মুখীন হতে হত না বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।