বেহাল রাস্তার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, রেলের রেক পয়েন্ট থেকে কার্যত বন্ধ পণ্য পরিবহন

দক্ষিণ দিনাজপুর, ২ আগস্ট(হি.স.): দক্ষিণ দিনাজপুরের রামপুর রেক পয়েন্টের বেহাল রাস্তা বর্তমানে একটি বড় দুর্ঘটনার ফাঁদ হয়ে উঠেছে। এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং পণ্য পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে। লাভের বদলে ক্ষতির মুখে পড়ছেন লড়ি ব্যবসায়ীরা।

বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন জানিয়েছে যে, রেলের রেক পয়েন্ট থেকে পণ্য পরিবহনের জন্য প্রতিদিন ৮০ থেকে ৯০টি লড়ি ভাড়া করা হত। তবে রামপুর স্টেশন থেকে রেক পয়েন্ট পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা এতটাই বেহাল যে, অধিকাংশ ট্রাকই দুর্ঘটনার শিকার হচ্ছে।

অ্য়াসোসিয়েশনের সভাপতি অশোক কুমার ঘোষ এবং সম্পাদক চঞ্চল সাহা জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের ১২-১৩টি ট্রাক বেহাল রাস্তার কারণে দুর্ঘটনায় পড়েছে। ৩০০০ টাকা আয় করতে গিয়ে ১৫০০০ টাকা গাড়ির পিছনে খরচা করতে হচ্ছে। রেল কর্তৃপক্ষকে এই সমস্যার কথা জানানো হলেও কোন সুরাহা হয়নি।

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছেন যে, রেল কর্তৃপক্ষের উচিত রাস্তাটি মেরামত করা যাতে রেক পয়েন্টে আসা পণ্য পরিবহনে সুবিধা হয়। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদারও রাস্তাটি মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রেল প্রতিমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।

বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন আরও দাবি জানিয়েছে, রেক পয়েন্টে একটি শেডের ব্যবস্থাও করা হোক যাতে পণ্য গুলি সুরক্ষিত থাকে। বেহাল রাস্তা এবং অন্যান্য পরিকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানের জন্য তারা রেল কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছে।