আইজল, ১৩ জুলাই (হি.স.) : মিজোরামের খাজাওল শহরে রাজ্য পুলিশের দল অভিযান চালিয়ে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের ১০.০৭ লক্ষ মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করেছে। মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার রাজ্য পুলিশের জনৈক পদস্থ আধিকারিক এ খবর দিয়ে জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চাম্পাই পুলিশের সহায়তা নিয়ে খাজাওল থানার পুলিশ শহরে মাদক-বিরোধী অভিযান চালিয়েছিল। তিনি জানান, পুলিশের যৌথ দল খাজাওলের জনবহুল লুংভার এলাকায় চাম্পাই থেকে আইজলগামী একটি চার চাকার গাড়ি আটকে তাতে তালাশি চালায়। গাড়িতে তন্নতন্ন করে তালাশি চালিয়ে বিভিন্ন গোপন খোপ থেকে ১০৬ প্যাকেট উদ্ধার করেন অভিযানকারীরে। ওই প্যাকেটগুলি থেকে ১১৫.৫৫ কিলোগ্রাম ওজনের ১০.০৭ লক্ষ মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। মেথামফেটামিন ট্যাবলেট পাচারের অভিযোগে গাড়ির আরোহী চাম্পাই ভেংসাং-এর বাসিন্দা লালরিন্টলুয়াঙ্গা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের পদস্থ আধিকারিক জানান, নিষিদ্ধ মাদক দ্রব্য সহ ধৃত লালরিন্টলুয়াঙ্গাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তার বিরুদ্ধে নারকটিক অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সের অ্যাক্ট, ১৯৮৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে।
2024-07-13

