নতমস্তকে সংবিধানকে নমন মোদীর, এনডিএ সংসদীয় দলের বৈঠকের সূচনা

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): কেন্দ্রে নতুন সরকার গঠনের তৎপরতার মধ্যেই শুক্রবার এনডিএ-র নবনির্বাচিত সাংসদরা বৈঠকে বসলেন। শুক্রবার দুপুরে সংবিধান সদন (পুরানো সংসদ)-এর সেন্ট্রাল হলে শুরু হয় এনডিএ সংসদীয় দলের বৈঠক। বৈঠকের শুরুতেই সংবিধানকে নতমস্তকে নমন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ-র সংসদীয় দলের বৈঠকের শুধুতে নবনির্বাচিত সাংসদ, মুখ্যমন্ত্রী এবং এনডিএ-র অন্যান্য নেতারা ”মোদী-মোদী” স্লোগান দিতে থাকেন। সেই সময় উঠে দাঁড়িয়ে সবাইকে হাত জোড় করেন প্রণাম করেন মোদী।

এই বৈঠকে মোদীর পাশেই বসেছিলেন টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলতেও দেখা যায় মোদীকে। মোদীর সঙ্গেই একই সারিতে বসেছিলেন জেডিএস-এর এইচ ডি কুমারস্বামী, জনসেনার প্রধান পবন কল্যাণ, হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতেন রাম মাঁঝি প্রমুখ। বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই, যিনি প্রতিটি মুহূর্ত দেশের সেবায় নিয়োজিত করেছেন। এই কারণেই ভারত এখন ইতিহাস তৈরি করছে এবং এনডিএ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করছে।”

বক্তব্য রাখেন রাজনাথ সিংও। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “আমি সমস্ত নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা এখানে এনডিএ নেতা নির্বাচন করতে এসেছি। আমি বিশ্বাস করি, এই সমস্ত পদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম সবচেয়ে উপযুক্ত।” বিজেপি সংসদীয় দলের নেতা, এনডিএ সংসদীয় দলের নেতা এবং লোকসভার নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছেন রাজনাথ সিং। এরপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলেন, “আমি আবারও লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য সবাইকে অভিনন্দন জানাই। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লোকসভার নেতা, বিজেপি ও এনডিএ সংসদীয় দলের নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছেন। আমি তা সর্বান্তকরণে সমর্থন করি।”