বারাণসীগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক! দিল্লি বিমানবন্দরে চলল জোরদার তল্লাশি

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): বিমানে রয়েছে বোমা! মঙ্গলবার ভোর ৫টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর একটি বিমান বারাণসী উড়ে যাওয়ার আগে এমনই হুমকি-বার্তা আসে। তার পরেই তড়িঘড়ি বিমানে থাকা সব যাত্রীকে নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। ইন্ডিগোর ৬ই২২১১ বিমানটির আপৎকালীন দরজা থেকে বাইরে বের করে আনা হয় যাত্রীদের, এরপর বিমানটিতে জোরদার তল্লাশি চালানো হয়। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই২২১১ দিল্লি বিমানবন্দরে বোমার হুমকি পায়। এরপর সমস্ত প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করা হয়, বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলির নির্দেশিকা অনুসারে বিমানটিকে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। আপৎকালীন দরজার মাধ্যমে সমস্ত যাত্রীকে নিরাপদে বাইরে আনা হয়। বিমানটিতে তল্লাশি চালানো হয়। এক সিআইএসএফ জওয়ান জানিয়েছেন, দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমানের শৌচাগারে ‘বোমা’ শব্দ লেখা একটি টিস্যু পেপার পাওয়া গিয়েছিল। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।