Congress Sudip Roy Barman : বিজেপি সরকারের পতন এখন শুধু সময়ের অপেক্ষা : সুদীপ

আগরতলা, ১১ এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই ফ্যাসিবাদী বনাম ভারতীয়।যাঁরা সংবিধান বিশ্বাস করেন ফ্যাসিবাদীর সাথে তাঁদের লড়াই। বিজেপি সরকারের পতন এখন শুধু সময়ের অপেক্ষা।আজ ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের সমর্থনে বিলোনীয়ায় নির্বাচনী সমাবেশে এমনটাই দাবি করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

এদিন তিনি বলেন, বিজেপি গত ১০ বছরে যা যা প্রতিশ্রুতি দিয়েছে তার কিছুই পূরণ করতে পারেনি।ঘরে ঘরে চাকরি তো দূর, মানুষ খাদ্যের অভাবে ভুগছে। বিজেপি সরকারের আমলে জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।পাশাপাশি বেকার সমস্যা ও বৃদ্ধি পেয়েছে।

এদিন তিনি আরও বলেন, দেশ ধর্মের নামে বিভাজিত হতে যাচ্ছে। তাই ভোট দেওয়ার আগে বার কয়েক ভেবে ভোট দেওয়ার আহবান করেন সুদীপ রায় বর্মন। আগামী ১৯ এপ্রিল ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে ভোট দিয়ে বিজেপিকে পরাস্ত করার আহ্বান করেন তিনি।

তাঁর কথায়, দেশ ও দেশবাসীকে বাঁচাতে ইন্ডি জোট নাম মঞ্চ তৈরি করা হয়েছে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্ব পূর্ন। কারণ , আসন্ন লোকসভা নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।