মহেন্দ্রগড়, ১১ এপ্রিল (হি.স.): হরিয়ানার মহেন্দ্রগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি স্কুল বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ স্কুল পড়ুয়ার, এছাড়াও কমপক্ষে ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। স্কুল বাসের চালক ”মদ্যপ” অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মহেন্দ্রগড়ের কানিনা মহকুমার অন্তর্গত উনহানি গ্রামের কাছে। ঈদের ছুটি সত্ত্বেও স্কুলটি খোলা ছিল এদিন।
ছাত্র-ছাত্রীদের নিয়ে কানিনা শহরের স্কুলে যাচ্ছিল বাসটি। উনহানি গ্রামের কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এরপর বাসটি উল্টে যায়। ছাত্র-ছাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বাসের ভিতর থেকে ছাত্র-ছাত্রীদের উদ্ধার করা হয়। এরইমধ্যে পুলিশ দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ শিক্ষার্থীর এবং ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। বাসের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

