হাইলাকান্দি (অসম) ৩০ মার্চ (হি.স.) : হাইলাকান্দি জেলা প্রশাসন এবং জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্রের যৌথ প্রচেষ্টায় “প্রশিক্ষণ” নামের এন্ড্রয়েড মোবাইল এপ্লিকেশন তৈরি করা হয়েছে । অ্যাপটির সাহায্যে ভোটগ্রহণ সম্বন্ধীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং পরীক্ষা দেওয়া সম্ভব বলে জানান নির্মাতা ডিস্ট্রিক্ট ইনফোরম্যাটিক্স অফিসার মনসুর আখতার বড়ভূঁইয়া । এ ছাড়াও অ্যাপটির মধ্যে পাওয়া যাবে প্রয়োজনীয় ভিডিও লেকচার, পিডিএফ হ্যান্ডবুক যেগুলো সেক্টর, জোনাল অফিসার, মাইক্রো অবজার্ভার সহ বাকি ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় দক্ষতা বাড়াতে সাহায্য করবে।
হাইলাকান্দি জেলা প্রশাসন এবং জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্রের তৈরী করা এই “প্রশিক্ষণ” এপ্লিকেশনটি একটি প্রশংসনীয় প্রয়াস বলে জানিয়েছেন হাইলাকান্দি এসএস কলেজের অধ্যাপক ও ন্যশনাল লেভেল মাস্টার ট্রেইনার পিনাকপানি নাথ চৌধুরী । আসন্ন লোকসভা ইলেকশন ২০২৪ এ এই অ্যাপটি ভোট কর্মীদের অনেকটা সাহায্য করবে বলে তিনি আশাবাদী । উল্লেখ্য, গুগল প্লেস্টোর থেকে যে কেউ সরাসরি Prashikshan অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন ।

