আগরতলা, ১৬ মার্চ: লোকসভা ভোট ঘোষণা হবার সাথেই কৈলাসহরে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠতে শুরু করছে। শুরু হয়েছে একে অপরের বিরুদ্ধে বিবৃতি, পাল্টা বিবৃতি। লোকসভা ভোটের প্রাক্কালে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দলীয় অফিস দখল করা হয়েছে বলে দাবী করেছেন জেলা কংগ্রেসের সভাপতি।
দলীয় অফিস দখল নিয়ে জেলা কংগ্রেসের সভাপতি যা বলেছেন তা একশো শতাংশ মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে স্থানীয় বিজেপি দলের নেতা জানান। ঘটনা কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের ভটেরবাজার এলাকায়। পনেরো মার্চ বিকেল বেলায় কৈলাসহরের কংগ্রেস ভবনে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান, কংগ্রেস নেতা সুধাংশু সিনহা, কংগ্রেস নেতা রুনু মিঞা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান জানান। যে, কৈলাসহর মহকুমার অধীনে থাকা সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের অধীনস্হ ভটেরবাজার এলাকার কংগ্রেস দলের অফিস চব্বিশ ঘণ্টা পূর্বে অর্থাৎ চৌদ্দ মার্চ বৃহস্পতিবার সকালে বিজেপি দলের নামধারী কর্মীরা দখল করে ফেলেছে।
বদরুজ্জামান আরও বলেন যে, প্রায় ষাট বছর পূর্বে ভটেরবাজার এলাকার বাসিন্দা সত্যেন্দ্র ভট্টাচার্য কংগ্রেস দলের অফিসের জন্য কিছু জায়গা দান করেছিলেন ।এবং সেই জায়গায় কংগ্রেস দলের অফিস গড়ে উঠেছিলো। রাজ্যের শেষ বিধানসভা ভোট অর্থাৎ ২০২৩সালের বিধানসভা ভোটের ভটেরবাজার এলাকার কংগ্রেস দলের রাজনৈতিক কাজকর্ম এই অফিস থেকেই হয়েছিলো। কিন্তু হঠাৎ করে গতকাল চৌদ্দ মার্চ বৃহস্পতিবার সকালে বিজেপি দলের নামধারী কিছু কর্মীরা জোর করে কংগ্রেস দলের অফিস ঘেরাও করে বিজেপি দলের অফিস বানিয়ে ফেলেছে এবং বিজেপি দলের পতাকা দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে বলে জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান বিস্ফোরক দাবী করেন

