কংগ্রেস ক্ষমতা ব্যবহার করেছে শুধুমাত্র বাজেট লুট করতে, নিজেদের কেলেঙ্কারি লুকানোর জন্য : প্রধানমন্ত্রী

দ্বারকা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, কংগ্রেস ক্ষমতা ব্যবহার করেছে শুধুমাত্র বাজেট লুট করতে, নিজেদের কেলেঙ্কারি লুকানোর জন্য। রবিবার গুজরাটের দ্বারকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি যখন নিউ ইন্ডিয়া তৈরির গ্যারান্টি দিয়েছিলাম, বিরোধীরা তা নিয়ে উপহাস করেছিল। এখন সবাই চোখের সামনে নতুন ভারত গঠন দেখছে।”

প্রধানমন্ত্রীর কথায়, “যারা দীর্ঘদিন দেশ শাসন করেছেন তাদের ইচ্ছাশক্তি ছিল না। সাধারণ মানুষকে সুযোগ-সুবিধা দেওয়ার উদ্দেশ্যকে হেয় করা হয়েছে। কংগ্রেসের সমস্ত ক্ষমতা শুধুমাত্র একটি পরিবারকে সমৃদ্ধ করার জন্য ব্যবহার করা হয়েছিল। দেশের জন্য কিছু করার কথা তারা কীভাবে মনে রাখবে? তাদের সমস্ত ক্ষমতা ব্যবহার করা হয়েছিল কীভাবে সরকারকে ৫ বছর স্থায়ী করা যায়, কীভাবে কেলেঙ্কারিগুলি আড়াল করা যায়। কংগ্রেস ২জি কেলেঙ্কারি, কমনওয়েলথ কেলেঙ্কারি, হেলিকপ্টার এবং সাবমেরিন কেলেঙ্কারি করেছে… কংগ্রেস দেশের প্রতিটি প্রয়োজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”