নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): সমস্ত ধরনের বিরোধ ও উত্তেজনার সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সম্ভব। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বুধবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ভারতে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এবং তাঁর প্রতিনিধি দলকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। ১৬ বছর পর গ্রিস প্রধানমন্ত্রীর ভারত সফর একটি ঐতিহাসিক উপলক্ষ। এটা আনন্দের বিষয় যে আমরা ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার দিকে এগিয়ে যাচ্ছি।”
প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গ্রিসের সক্রিয় অংশগ্রহণ এবং ইতিবাচক ভূমিকাকে স্বাগত জানাই। এটা আনন্দের বিষয় যে গ্রিস ইন্দো-প্যাসিফিক মহাসাগর উদ্যোগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা একমত যে সমস্ত ধরনের বিরোধ ও উত্তেজনার সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সম্ভব।” প্রধানমন্ত্রীর কথায়, “পরের বছর ভারত ও গ্রিসের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫-তম বার্ষিকী উপলক্ষে, আমরা একটি কর্ম পরিকল্পনা প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছি যা আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন এবং অন্যান্য ক্ষেত্রে বৈশ্বিক মঞ্চে আমাদের দুই দেশের সাধারণ ঐতিহ্য প্রদর্শন করতে সক্ষম করবে।” মোদী বলেছেন, “প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা আমাদের গভীর পারস্পরিক আস্থাকে প্রতিফলিত করে। এই সেক্টরে, ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে, আমরা প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কাউন্টার-টেরোরিজম এবং সামুদ্রিক নিরাপত্তার মতো অভিন্ন চ্যালেঞ্জগুলিতে সহযোগিতা বাড়াতে পারি। ভারতে প্রতিরক্ষা সেক্টরে সহ-উৎপাদন এবং সহ-উন্নয়নের নতুন সুযোগ আসছে, এটা উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে। আমরা উভয় দেশের প্রতিরক্ষা সেক্টরকে সংযুক্ত করার বিষয়ে একমত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও গ্রিসের একই উদ্বেগ ও অগ্রাধিকার রয়েছে। এই সেক্টরে আমাদের সহযোগিতা আরও জোরদার করার জন্য আমরা বিস্তারিত আলোচনা করেছি।”

