নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): কনকনে শীতে কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, শীতের দাপটে জবুথবু অবস্থা গোটা উত্তর ভারতজুড়ে। হরিয়ানা, পঞ্জাব ও উত্তর প্রদেশে ঠান্ডা এতটাই বেশি যে সকালের দিকে আগুনের তাপ নিতে দেখা যাচ্ছে মানুষজনকে। দিল্লির পাশাপাশি, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। মরুরাজ্যে এখন জমজমাট ঠান্ডা।
এদিকে, খারাপ আবহাওয়া কারণে রাজধানী দিল্লিতে শুক্রবারও সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। উত্তর ভারতে ঘন কুয়াশা পরিস্থিতি-সহ বিভিন্ন কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী ২২টি ট্রেন দেরিতে চলেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে – ভোপাল- নিজামউদ্দিন, ভুবনেশ্বর-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, জম্মু তাওয়াই-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস প্রভৃতি। পাশাপাশি উড়ান পরিষেবাও এদিন সকালে বিঘ্নিত হয়েছে। ইন্ডিগো জানিয়েছে, জয়পুর, পাটনা এবং অমৃতসরের বিমান পরিষেবা খারাপ আবহাওয়ার কারণে প্রভাবিত হয়েছে।

