মোরাতার হ্যাটট্রিকও থামাতে পারল না জিরোনা জয়

মন্তিলিভি, ৪ জানুয়ারি (হি.স.): চলতি মরসুমে লা লিগায় শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে জিরোনার স্থান দখল করার লড়াই চলছে। এবার তারা উপহার দিয়েছে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচ। নতুন বছরের প্রথম ম্যাচে শক্তিশালী অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাল তারা। আলভারো মোরাতার হ্যাটট্রিকও বাঁচাতে পারল না দিয়েগো সিমিওনের দলকে।

বুধবার (৩ জানুয়ারি) রাতে মন্তিলিভিতে শক্তিশালী অ্যাতলেটিকো মাদ্রিদকে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৪-৩ গোলে হারাল জিরোনা। দুই দফা পিছিয়ে পড়া মাদ্রিদের দলটিকে সমতায় ফিরিয়েও জেতাতে পারল না এই স্প্যানিশ স্ট্রাইকার। ভ্যালেরি ফার্নান্দেজ, সাভিও, দালি ব্লিন্ড ও ইভান মার্টিন জিরোনার হয়ে গোলগুলো করেন। লা লিগায় সাতবারের চেষ্টায় প্রথমবারের মতো অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাল জিরোনা। চলতি মরসুমে এই নিয়ে প্রতিপক্ষের মাঠে টানা চার ম্যাচে হারের মুখ দেখল অ্যাতলেটিকো। এই জয়ে ১৯ ম্যাচে রিয়ালের সমান ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিরোনা। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদ।