গুনা, ২৮ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের গুনা জেলায় ডাম্পারের সঙ্গে সংঘর্ষের জেরে আগুন ধরে গেল যাত্রীবোঝাই একটি বাসে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের, এছাড়াও কমপক্ষে ১৭ জন কমবেশি আহত হয়েছেন। মৃতদের মধ্যে অধিকাংশই আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন। গুনার জেলা কালেক্টর তরুণ রাঠি বলেছেন, বৃহস্পতিবার ভোররাতে গুনা-আরন সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গুনা-আরন রুটে একটি ডাম্পার ও বাসের সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায়। আমাদের অগ্রাধিকার হচ্ছে মৃতদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী শোকবার্তায় জানিয়েছেন, গুনা থেকে আরনগামী বাসে আগুনে যাত্রীদের প্রাণহানির খবর শুনে ব্যথিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।



















