চেন্নাই, ২৭ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর এন্নোরে একটি সাব-সি পাইপে হঠাৎ ফাটল দেখা যায় বুধবার ভোররাতে। যা থেকে সাময়িক ভাবে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে আসার ঘটনা শনাক্ত করা হয়। কর্তৃপক্ষের নজরে আসতেই তা বন্ধ করা হয়েছে। কর্মকর্তারা জানান, পাইপে ফাটলের কারণে একটি তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছিল, সেই গন্ধের তীব্রতায় কিছু মানুষ অসুস্থ বোধ করছিলেন। তাঁদের নিকটবর্তী একটি স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। এখন তাঁরা ভালো আছেন।
আবাদির যুগ্ম কমিশনার ও ডিআইজি বিজয়কুমার এ মাধ্যমে জানান, “আতঙ্কিত হওয়ার দরকার নেই। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এন্নোরে এখন আর কোনও গ্যাস (অ্যামোনিয়া) লিক হচ্ছে না।” তাঁর আশ্বাসে স্থানীয় বাসিন্দারা আশ্বস্ত হয়েছেন এবং বাড়ি ফিরেছেন। ঘটনাস্থলে পুলিশ ও মেডিক্যাল টিম উপস্থিত রয়েছে।

