Chrysanthemum: মহাসমারোহে চন্দ্রমল্লিকা প্রদর্শনী শুরু হল 

আগরতলা, ২৫ ডিসেম্বর: আজ মহাসমারোহে ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ড আয়োজিত তিন দিন ব্যাপী চন্দ্রমল্লিকা প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু হল। পুরোনো রূপসী হলের বিপরীত দিকে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন গিল্ডের সভাপতি,  বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ্য সুবল রুদ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষীয়ান নাগরিক মানিকলাল সাহা। আবহাওয়ার বিরূপতা সত্ত্বেও চন্দ্রমল্লিকার এরকম বিপুল সমারোহ সচরাচর দেখা যায় না। বিভিন্ন প্রজাতির ফুল-যেমন কোরিয়ান পম্পন,  এনিমোন,  পম্পন বল ভ্যারাইটি,  হাইব্রিড ইনকার্ভ,  রিফ্লেক্স,  স্পাইডার-এক কথায় চন্দ্রমল্লিকা তার সকল বৈচিত্র্য ও বৈভব নিয়ে প্রদর্শনীতে উপস্থিত দর্শকদের বিমুগ্ধ দৃষ্টি আকর্ষণ করছে।  

অনুষ্ঠানের উদ্বোধক  সুবল রুদ্র প্রদর্শনীতে যোগদানকারী ফুলচাষীদের অভিনন্দন জানান। তিনি বলেন, আবহাওয়ার বিরূপতার কারণে চন্দ্রমল্লিকা আগের মতো সঠিক সময়ে সঠিক আচরণ করছে না। ফুলচাষীর সংখ্যাও আগের থেকে কমে গেছে। তবু ২৪ বছর ধরে নানা প্রতিকূলতার সত্ত্বেও এই প্রদর্শনী চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে ফুলচাষীদের আগ্রহ ও দর্শকদের উপস্থিতির জন্য। আগামী ২৭শে ডিসেম্বর প্রদর্শনী শেষ হবে।  সেদিন সন্ধ্যায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।