বালির ঘাটকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা চোপড়ায়

চোপড়া, ২২ ডিসেম্বর (হি. স.) : উত্তর দিনাজপুরের চোপড়া থানার চিতলঘাটা এলাকায় বালির ঘাটকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল। শুক্রবার এই ঘটনায় উভয়পক্ষের কয়েকজন জখম হয়েছেন।

জখমদের মধ্যে একজনকে প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। পরে তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় জখম বাকি ৪ জনের বেসরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিতলঘাটা এলাকায় অতি সম্প্রতি একটি বালির ঘাট চালু হয়েছে। ঘাট মালিকের বিরুদ্ধে অভিযোগ, অন্যের জমির উপরে বালি জমা করা ও গাড়ি যাতায়াত করার ব্যাপারে আপত্তি জানাতে গেলে এদিন গ্রামের কয়েকজন হামলার শিকার হয়েছেন। যদিও ওই ঘাটের মালিকপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন। ঘাট মালিকের পক্ষে রাহি মাসুমের বক্তব্য, ‘ঝামেলার ঘটনায় বালির ঘাটের যোগ নেই। জমি নিয়ে এদিন স্থানীয় বাসিন্দারা নিজেদের মধ্যেই মারপিটের ঘটনায় জড়িয়ে পড়ে।‘

চোপড়া থানার আইসি সঞ্জয় দাস বলেন, ‘জমি নিয়ে মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। ঘটনার ওপর পুলিশের নজরদারি রয়েছে।‘