প্রকৃত কমিউনিস্ট হলেই ভালো মানুষ হওয়া যায়, কটাক্ষ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২২ ডিসেম্বর: প্রকৃত কমিউনিস্ট হলেই ভালো মানুষ হওয়া যায়। নইলে কারোরই কদর নেই। আজ লখনউ-তে ইন্টারন্যাশনাল জর্জিয়ান অ্যালামনি মিট ২০২৩ অনুষ্ঠানে কমিউনিস্টদের এভাবেই কটাক্ষের সুরে বিঁধলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, যে প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের শিক্ষা গ্রহণ করেছি তা অত্যন্ত গর্বের বিষয়। তাঁর কথায়, ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার ক্ষমতায় আসার পর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা দেশবাসী কোনো দিন ভাবতেই পারেননি।

এদিন তিনি বলেন, কোনো উচ্চ পদের আশায় ত্রিপুরায় বিজেপি দলে যোগদান করিনি। আমাকে বিজেপি দলে পৃষ্ঠাপ্রমুখ ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছিল। তা অত্যন্ত গুরুত্ব সহকারে সেই দায়িত্ব পালন করেছিলাম।

এদিন তিনি আরও বলেন, গত ৩৫ বছরের কমিউনিস্টদের শাসনকাল থেকে ত্রিপুরাকে মুক্ত করতে দিনরাত কাজ করেছিলাম। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৮ বিধানসভা নির্বাচনে কমিউনিস্টদের শাসনের অবসান ঘটেছে।