(আপডেট) বৃদ্ধের মৃতদেহ আগলে বসে মানসিক ভারসাম্যহীন মেয়ে

পূর্ব মেদিনীপুর, ২০ ডিসেম্বর (হি.স.): তমলুকে মৃত বাবার দেহ আগলে বসে রইলেন মানসিক ভারসাম্যহীন মেয়ে। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তাম্রলিপ্ত পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের পদুমবসান এলাকার বাসিন্দা ভোলানাথ দে। কৃষি দফতরে চাকরি করতেন তিনি। অবসরের পর মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে থাকতেন। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে বাড়ির দরজা বন্ধ। একাধিকবার ডাকাডাকি করেও কোনও লাভ হয়নি। পরিচারিকা কাজে গিয়ে ঢুকতে পারেননি। বিষয়টা জানাজানি হতেই প্রতিবেশীরা খবর দেয় স্থানীয় কাউন্সিলরকে। জানানো হয় তমলুক থানায়।

বুধবার সকালে তমলুক থানার পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভাঙে। তখনই দেখা যায় ওই মহিলা তাঁর বাবাকে ধরে শুয়ে রয়েছেন। অনুমান, দীর্ঘদিন না খাওয়ার ফলে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন ওই মহিলা।

তমলুক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার খবর দেওয়া হয় মৃতের ঘনিষ্ঠদের। কীভাবে মৃত্যু হয়েছে বৃদ্ধের, ময়নাতদন্তের রিপোর্ট এলে তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।