স্বামী বিবেকানন্দ ক্লাবের শিশু উৎসবে দাবা, যোগা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।। রাজধানীর শহর দক্ষিনাঞ্চলের উত্তর বাধারঘাট এলাকার স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এবারও বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন বছরে আগামী ৭ থেকে ১৩ জানুয়ারী শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা হবে। আগামী ৬-৭ জানুয়ারী হবে প্রাইজমানি দাবা প্রতিযোগিতা। এছাড়া ৯ জানুয়ারী হবে যোগাসন প্রতিযোগিতা। এর বাইরে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাডমিন্টন, উদ্বোধনী দিনে ৭ জানুয়ারী সাইক্যাল রেলি হবে। সাংস্কৃতিক দিকে বিবেকানন্দের উপর সঙ্গীত প্রতিযোগিতা সহ আবৃত্তি প্রতিযোগিতা, তবলা প্রতিযোগিতা, যেমন খুশী সাজো, বসে আঁকো সহ সাংবাদিকদের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচ হবে। স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী কমিটির কনভেনর প্রশান্ত ভৌমিক জানান, এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুকরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে ৮:৩০ এর মধ্যে ক্লাব থেকে ফর্ম নিতে পারবেন এবং সেখানেই জমা করতে পারবেন। নির্দ্ধারিত সময়ে পর আর ফর্ম দেয়া হবে না। তিনি আরো জানান, শিশু ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে উন্মুক্ত মেগা স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবার রয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী স্বামী বিবেকানন্দ ক্লাবের বর্ষব্যাপী হীরক জয়ন্তী পূর্তির সমাপ্তি হবে।