গত পাঁচ বছরে ত্রিপুরা সরকার রাজ্যের কৃষকদের কাছ থেকে ১,৭৯,২১৯ মেট্রিকটন ধান ক্রয় করেছে : কৃষি মন্ত্রী

আগরতলা, ২ ডিসেম্বর : গত পাঁচ বছরে ত্রিপুরা সরকার রাজ্যের ৯১ হাজার ৩৭৭ জন কৃষকদের কাছ থেকে ১ লক্ষ ৭৯ হাজার ২১৯ মেট্রিকটন ধান ক্রয় করেছে। তাতে কৃষকদের কাছে ৩৪২ কোটি ৩৪ লক্ষ টাকা পৌঁছেছে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। 

এদিন সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন, গত ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি পরিচালিত সরকার গঠন হওয়ার পর থেকে রাজ্যের কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। প্রতি বছরে দুইবার ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়ে থাকে। এবছর ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে মূল্য আবারও বৃদ্ধি করেছে ত্রিপুরা সরকার।

তাঁর কথায়, রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য ত্রিপুরার কৃষকদের আয় বৃদ্ধি করা এবং কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পায়। বিগত ২০১৮ -২০২২ সাল পর্যন্ত ৯১ হাজার ৩৭৭ জন কৃষকদের কাছ থেকে রাজ্য সরকার ধান ক্রয় করেছে ১ লক্ষ ৭৯ হাজার ২১৯ মেট্রিকটন। তাতে কৃষকদের কাছে ৩৪২ কোটি ৩৪ লক্ষ টাকা পৌঁছেছে বলে জানান তিনি।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৮-১৯ অর্থবর্ষে ১৭ টাকা ৫০ পয়সা ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু হয়েছিল। বর্তমানে এই মূল্য বাড়িয়ে করা হয়েছে ২১ টাকা ৮৩ পয়সা।তাতে রাজ্যের বহু কৃষক উপকৃত হবে বলে দাবি করেন তিনি