আগরতলা, ২ নভেম্বর : আজ সকালে রাস্তার পাশে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার হয়েছে। পশ্চিম থানা সংলগ্ন হরিগঙ্গা বসাক রোডে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।মৃত ব্যক্তির মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে।
জানা গিয়েছে ,মৃত ব্যক্তির নাম আব্দুল কালাম (৭০)। বাড়ি দক্ষিণ জয়নগর এলাকাতে। তিনি অধিকাংশ সময় বাড়িঘর ছেড়ে ভবঘুরের মত শহরে ঘোরাফেরা করতেন। শনিবার পশ্চিম থানা সংলগ্ন হরিগঙ্গা বসাক রোডে রাস্তার পাশে ফুটপাতের উপর চাদরে ঢাকা মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে ভেবেছিলেন হয়তো বা লোকটি রাস্তায় ঘুমাচ্ছে। অনেকক্ষণ পর্যন্ত লোকটি নড়াচড়া না করায় খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ গিয়ে চাদর উঠানোর পর মৃত ব্যক্তির মাথায় গভীর আঘাতের চিহ্ন দেখতে পায়। মাথার আঘাত দেখে এই ঘটনাকে খুন বলে সন্দেহ করছেন স্থানীয় লোকজন। পরবর্তীকালে পুলিশ মৃতের পরিবারকে খবর দেয় এবং মৃতদেহ ময়নাতদন্তেরজন্য পাঠিয়েছে । জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের পর এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

