কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.): প্রথা মেনে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য মনোনয়নের বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এখন প্রশ্ন হল, যিনি প্রতিটি পর্যায়ে রাজ্য সরকার এবং তৃণমূল নেতৃত্বের সমালোচনা করেন, তিনি কি বৈঠকে যোগ দেবেন?
পরবর্তী প্রশাসনিক সদস্য কে হবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। ইতিমধ্যেই এই পদের জন্য অনেকেই আবেদন জানিয়েছেন। তবে তাঁদের মধ্যে থেকে কাকে দায়িত্ব দেওয়া হবে তা ঠিক হবে আগামী ১৪ ডিসেম্বর। ওই দিন নবান্নে একটি বৈঠক ডাকা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর রাজ্য মানবাধিকার কমিশনের প্রশাসনিক সদস্যের পদ থেকে অবসর নিয়েছেন নপরাজিত মুখোপাধ্যায়। তাঁর ছেড়ে যাওয়া আসনে কে বসতে পারেন, সেই নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। এই পদের জন্য ৩ জন আবেদন করেছেন। তাঁর মধ্যে আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারক পার্থসারথি মুখোপাধ্যায় ও প্রাক্তন আইপিএস অধীর শর্মা।
নবান্ন সূত্রে খবর, রাজ্য মানবাধিকার কমিশনের পরবর্তী প্রশাসনিক সদস্য হিসেবে রাজ্য সরকারের প্রথম পছন্দ বাসুদেব বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পর রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের দায়িত্ব সামলেছেন বাসুদেব বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রসচিব হিসেবেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আছে।
নিয়ম অনুযায়ী, রাজ্য মানবাধিকার কমিশন তিন সদস্য নিয়ে গঠিত। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, জুডিশিয়াল সদস্য হিসেবে আছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমিতা মিত্র। এখন দেখার প্রশাসনিক সদস্য হিসেবে কাকে দায়িত্ব দেয় নবান্ন।

