ভাতার ব্যাপারে নিশ্চয়তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : রাজ্য সরকার ভাতার ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছে। বৃহস্পতিবার নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে দলীয় সমাবেশে এই মন্তব্য করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “বাংলার বাড়ি প্রকল্প হবে। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে যাঁরা আবেদন করেছেন, ৯০ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার, ৯০ লক্ষ বিধবা ভাতা তৈরি রেখেছি। উৎসব মিটলে গিয়ে গিয়ে দিয়ে আসব। আমাদের অনেক কাজ তৈরি।

তৃণমূলনেত্রী বলেন, “আগে চাষিরা ধানের দাম পেতেন না। রেশনে ভাঙা চাল, অর্ধেক পাথর মিশিয়ে দিত। আমরা এখন চাষিদের থেকে ৫৪ লক্ষ কোটি মেট্রিক টন চাল সরাসরি নিই চাষিদের থেকে। বিনা পয়সায় সকলকে রেশন দিই।”

সমালোচকদের উদ্দেশে মমতা বলেন, “৫০টা কাজ করতে গেলে, একটা ভুল হতেই পারে। কখনও কখনও ভুল হয়ে যায়।” বিজেপি-কে উদ্দেশ করে বলেন, “একটা খিচুড়ি দল। গায়ের জোরে যা খুশি করে। বুথে বুথে এখন লোক পাঠাচ্ছে। ছবি নিয়ে গিয়ে দিল্লি মে ইয়ে কিয়া ও কিয়া বলছে। আরে আমাদের টাকা কই? ১০০ দিনের কাজের টাকা দেবে না। আমি কিন্তু আগের থেকে এবার তার ডবল করিয়েছি আমি।”