গুদামঘরে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, আলোড়ন কালনায়

পশ্চিম বর্ধমান, ২০ নভেম্বর (হি.স.): গুদামঘর থেকে বস্তাবন্দি অবস্থায় যুবকের দেহ উদ্ধার ঘিরে সোমবার ব্যাপক আলোড়ন ছড়াল কালনার রংপাড়া গ্রামে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ।

মৃতের নাম রকি হালদার বলে জানা গিয়েছে। বয়স ১৭ বছর। ধান সেদ্ধ করা হয়, এমনই একটি স্টিমের গুদামঘর থেকে রকির দেহ মিলেছে বলে খবর। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে দেহ পাঠায় পুলিশ। মৃতের আত্মীয়দের ধারণা, এর পিছনের রকির বন্ধু বান্ধবদের হাত থাকতে পারে। তারাই ১৭ বছরের যুবককে খুন করে বস্তায় ভরেছে, মনে করছেন পরিজনেরা।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গত দু’মাস ধরে মায়ের সঙ্গে কালনার রংপাড়ার একটি ধান সেদ্ধ করা হয়, এমন স্টিমের গুদামে কাজ করত কালনারই ধর্মডাঙ্গা গ্রামের বাসিন্দা রকি।

রবিবার, সন্ধে গড়িয়ে যাওয়ার পরও ছেলে বাড়ি না ফেরায় মা রিনা হালদার বেশ কয়েক বার রকিকে ফোন করেন। রিনার বক্তব্য, তখন বেশ কয়েকবার ছেলের সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু তার পরও ছেলে বাড়ি না ফেরায় ফের রকিকে ফোন করেন রিনা। সে বার ফোন বন্ধ ছিল, ফলে ছেলের সঙ্গে যোগাযোগ হয়নি।

রাতে বাড়ি না ফেরায় ভীষণ চিন্তায় পড়ে যান রকির মা। সোমবার সকালে গুদামঘরে খোঁজ করতে গেলেই এক কোণে বস্তা বন্দি অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখা যায়। সেই দেখেই চিৎকার করে ওঠেন মৃতের মা। শুনে ছুটে আসেন বাকি কর্মীরা।

সঙ্গে সঙ্গে কালনা থানার পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কালনা হাসপাতালে পাঠায়। কী কারণে খুন, কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।