নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.) : ক্রমবর্ধমান মূল্যস্ফীতি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকার অভিযোগ তুলেছে কংগ্রেস। কংগ্রেস দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বৃহস্পতিবার বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে নিজের ভালোকাজ তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু মূল্যস্ফীতি নিয়ে কথা বলছেন না।
রমেশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, দেশে খাদ্য মূল্যস্ফীতি ৬ শতাংশের উপরে রয়েছে। অক্টোবরে তা ছিল ৬ দশমিক ৬১ শতাংশ। ডাল, ফল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম ছিল আকাশ ছোঁয়া। আগামী কয়েক মাসে মূল্যস্ফীতি আরও বাড়ার পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।
রমেশ এদিন আরও বলেন, প্রধানমন্ত্রী ও বিজেপি যত বড় কথাবার্তাই বলুক না কেন, সত্যি হল এই যে সাধারণ ও গরিব মানুষ মূল্যস্ফীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণেই জনগণ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছে।

