রায়গঞ্জ, ১৩ নভেম্বর (হি.স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভাতুন গ্রাম পঞ্চায়েতের পরিয়াল বিওপি লাগোয়া এলাকায় সীমান্তের কাঁটাতার কেটে ভারতে ঢুকে ২২টি গোরু চুরি করে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসেন বিএসএফের উচ্চপদস্থ কর্তারা। বিকেল চারটা নাগাদ দুই দেশের ফ্ল্যাগ মিটিংয়ের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে পরিয়াল বিওপি এলাকায় গ্যাস কাটার দিয়ে সীমান্তের কাঁটা তার কেটে ভারতে ঢোকে ৩০ জন বাংলাদেশি দুষ্কৃতী। সীমান্ত লাগোয়া ধলগাঁও সহ একাধিক গ্রাম থেকে ২২টি গোরু নিয়ে বাংলাদেশে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে গ্রামবাসীদের চিৎকারে সেখানে আসেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। দুষ্কৃতীদের লক্ষ্য করে পরপর নয় রাউন্ড গুলি চালানো হয়। যদিও গুলি লাগেনি। কাঁটা তার কেটে নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ।

