পাথারকান্দি (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত দোহালিয়া রিজার্ভ ফরেস্টে ছয়দিনের মাথায় ফের অবৈধ বিশাল ফিশারির বাঁধ কেটে জল বের করে দিয়েছেন বনকর্মীরা।
আজ রবিবার দোহালিয়া রেঞ্জ ফরেস্ট দফতরের কর্মী হারচিং ইংতি, দিলোয়ার হোসেন, মণ্টু বরুয়ারা সলগই বিট এলাকার চন্দ্রপুর সংরক্ষিত বনাঞ্চলের লালগেনাই জঙ্গলে প্রায় ২৫ বিঘা এলাকা জুড়ে গড়ে তোলা একটি অবৈধ ফিশারির বাঁধ কেটে জল বের করে দিয়েছেন।
এর আগে গত সোমবার অনুরূপভাবে দোহালিয়া ফরেস্ট রেঞ্জের কর্মীরা বাদশাহী রিজার্ভের চন্দ্রপুর এলাকার হামিদরগেনাইয়ে অবৈধভাবে গড়ে তোলা আরও দুটি বিশাল ফিশারির বাঁধ কেটে জল ও মাছ বের করে দিয়েছিলেন। এতে প্রায় ৬০ বিঘা বনভূমি বেদখল মুক্ত হয়।
বন বিভাগের এ ধরনের অভিযান অব্যা্হত থাকবে বলে জানান রেঞ্জ অফিসার প্রণব কলিতা।

