নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): দুর্নীতি শেষ করা বিজেপির লক্ষ্য নয়, বিজেপির আসল লক্ষ্য হল বিরোধী নেতাদের সমস্যায় ফেলা। বললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির বিধায়ক, আমানতুল্লাহ খানকে পাশে নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করেন অরবিন্দ কেজরিওয়াল। এই আমানতুল্লাহর বাড়িতেই মঙ্গলবার অভিযান চালিয়েছিল ইডি। এদিন আমানতুল্লাহর সঙ্গে দেখা করার পর সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “এএপি নেতাদের বিরুদ্ধে সমস্ত মামলা মিথ্যা, দল শেষ করার অভিযান চলছে।”
কেজরিওয়াল আরও বলেছেন, এএপি নেতাদের বিরুদ্ধে ১৭০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে, তবে ১৪০টি রায় আমাদের পক্ষেই রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “ইডি গতকাল আমানতুল্লাহ খানের বাসভবনে অভিযান চালিয়েছে এবং এই প্রথম নয় যে প্রধানমন্ত্রী এএপি নেতাদের উপর অভিযানের নির্দেশ দিয়েছেন। যখন থেকে আমরা দিল্লিতে সরকার গঠন করেছি, তখন থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ছোট করার চেষ্টা করছেন।” কেজরিওয়ালের কথায়, “সুপ্রিম কোর্টের শুনানিতে, বিচারক তাদের (ইডি) কাছে প্রমাণ সম্পর্কে জানতে চান এবং মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ চেয়েছিলেন, যা তারা উপস্থাপন করতে পারেনি।”

