গোলাঘাট ও কামরূপে উদ্ধার অবৈধ বাৰ্মিজ সুপারি, আটক ছয়

গুয়াহাটি, ৯ অক্টোবর (হি.স.) : রাজ্যে অবৈধ বার্মিজ সুপারির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। রবিবার রাতে গোলাঘাট এবং দক্ষিণ কামরূপ জেলায় পৃথদ পৃথক অভিযানে সাড়ে তিনশো বস্তা বাৰ্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে ছয় অবৈধ বার্মিজ সুপারি কারবারিকে।

জানা গেছে, গতকাল মধ্যরাতে মেরাপানি হয়ে নুমলিগড়ে আসার পথে গোলাঘাটের এরেঙাপাড়া এলাকায় এএস ০৩ সিসি ২৪৩৫ নম্বরের একটি মিনিট্রাককে দাঁড়ানোর সংকেত দেয় টহলদারি পুলিশের দল। মিনিট্রাকটি পুলিশের সংকেত অবজ্ঞা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের গাড়ি নিয়ে পলাতক ট্রাকের পিছু ধাওয়া করে বেশ কিছুদূর গিয়ে বার্মিজ সুপারি বোঝাই মিনিট্রাককে আটক করে। তা থেকে ১৪৮ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ তবে ট্রাক ছেড়ে পালিয়ে যাওয়ায় চালক বা অন্য কাউকে পুলিশের অভিযানকারী দল পাকড়াও করতে পারেনি।
এদিকে দক্ষিণ কামরূপের সোনতলিতেও গতরাতে চুরি যাওয়া সুপারি উদ্ধার করেছে বরপেটা জেলা পুলিশ৷ সোনতলি পুলিশ ফাঁড়ির অন্তর্গত জনৈক ইন্নস আলির ঘরে অভিযান চালিয়ে ২০২ বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে৷ সুপারি চুরির অভিযোগে বরপেটা পুলিশ ছয় জনকে আটক করেছে বলে জানা গেছে৷