মথুরায় লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে উঠে পড়ল ইএমইউ ট্রেন, কেউ হতাহত হননি

মথুরা, ২৭ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মথুরা জংশন স্টেশনে ঘটে গেল ভয়াবহ রেল দুর্ঘটনা। মঙ্গলবার রাতে একটি ইএমউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মের উপরে উঠে যায়। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকুর বাস্তি থেকে এসেছিল ট্রেনটি, লাইনচ্যুত হওয়ার পর ইএমইউ ট্রেনটি মথুরা স্টেশনের উপরে উঠে যায়।

মথুরা স্টেশনের ডিরেক্টর এস কে শ্রীবাস্তব বলেছেন, শাকুর বাস্তি থেকে আসা ট্রেনটি ১০.৪৯ মিনিট নাগাদ মথুরা এসে পৌঁছয়। সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে গিয়েছিলেন। আচমকাই ট্রেনটি প্ল্যাটফর্মের উপরে উঠে যায়। কেন এমনটা ঘটল, তা আমরা তদন্ত করে দেখছি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনার জেরে আপ লাইনে কিছু ট্রেন পরিষেবা প্রভাবিত হয়েছে।