চিরাঙে বন বিভাগের অভিযানে উদ্ধার, গণ্ডারের খড়গ, হরিণের শিং, পিস্তল, গ্রেফতার এক

চিরাং (অসম), ১০ সেপ্টেম্বর (হি.স.) : চিরাং জেলার অন্তর্গত বিজনির পানবাড়িতে বন আধিকারিক ও কর্মীদের অভিযানে উদ্ধার হয়েছে গণ্ডারের একটি খড়গ, হরিণের শিং, ম্যাগাজিন সহ পিস্তল। বনজ সম্পদ ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে পানবাড়ির বগিদ্বারার বাসিন্দা সফিউর রহমান (৫৫) বলে শনাক্ত করা হয়েছে।

আজ রবিবার এ খবর দিয়ে পানবাড়ির রেঞ্জ ফরেস্ট অফিসার জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে সিআরপিএফ-এর এক দল নিয়ে তাঁরা যৌথ অভিযান চালিয়েছিলেন বগিদ্বারা গ্রামে। তাঁদের অভিযান সফল হয়েছে। সফিউর রহমানের বসতঘরে তালাশি চালিয়ে ওই সব বনজ সম্পদ সহ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছেন তাঁরা। ধৃত সফিউরের ব্যবহৃত মোবাইল ফোনের হ্যান্ডসেটও বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোবাইল ফোনের কললিস্ট তাঁরা যাচাই করছেন।
ধৃত সফিউর রহমানের বিরুদ্ধে বনজ সম্পদ ও অবৈধ আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করে আজ তাকে গ্রেফতার করা হয়েছে, জানান রেঞ্জ ফরেস্ট অফিসার।