‘ভারত জোট’ তাসের ঘরের মতো ভেঙে পড়বে: অনুপ্রিয়া প্যাটেল

বাহরাইচ, ৪ সেপ্টেম্বর (হি.স) : ভারত জোট, তাসের ঘরের মতো ভেঙে পড়বে, সোমবার উত্তরপ্রদেশ সফরে এসে একথাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল সোমবার একদিনের সফরে উত্তরপ্রদেশে এসেছেন। ভারতে বিরোধী দলগুলির ইণ্ডিয়া জোটকে আক্রমণ করে মন্ত্রী বলেন, উত্তরপ্রদেশ রাজ্যে ভারত জোটের কোনও অস্তিত্ব নেই। এই জোট শীঘ্রই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তিনি আরও বলেন, আসন্ন উপনির্বাচনে এনডিএ-র সামনে ইন্ডিয়া গোষ্ঠীর প্রার্থী টিকে থাকতে পারবেন না।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল সোমবার দলের মাসিক সভায় যোগ দিতে উত্তরপ্রদেশে আসেন। এখানে এসে তিনি দলের কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’-এর প্রতি সমর্থন জানিয়ে অনুপ্রিয়া প্যাটেল বলেন, ১৯৯৯ সাল থেকে এর দাবি জানানো হচ্ছে।

৭ সেপ্টেম্বর থেকে কংগ্রেসের শুরু হওয়া ভারত জোড়ো যাত্রার কটাক্ষ করে অনুপ্রিয়া প্যাটেল বলেন, যদিও কংগ্রেস ভারত জোড়ো যাত্রা করছে, এটি এখন কোনও জনসমর্থনই পাবে না।