আগরতলা, ২ সেপ্টেম্বর।। শহরের বুকে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা। শনিবার দুপুর আনুমানিক ২ টা নাগাদ আগরতলার উজান অভয়নগর এলাকায় এক বৃদ্ধা মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালায় চোরের দল। যদিও পুলিশ ও এলাকাবাসীদের সহায়তায় ওই ছিনতাইবাজ এবং তাদের সাঙ্গপাঙ্গদের এদিনই আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
ঘটনার বিবরণে প্রকাশ, বিশ্বতি দেববর্মা নামে এক মহিলা উজান অভয়নগর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই পেছন থেকে মুখে কাপড় বেঁধে এক যুবক এসে তার গলা থেকে সোনার চেইনটি ছিনতাই করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত স্থানীয় এলাকাবাসীরা ওই চোরের পেছনে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ স্থানীয় এলাকাবাসীর সহায়তায় মোট চারজনকে আটক করতে সক্ষম হয়েছে। যদিও ঘটনায় জড়িত এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত সোনার চেইনটিও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অভিযুক্তদের নাম বাপন দেববর্মা, মিহির দেববর্মা , বিটল দেববর্মা, বিজয় ধানুক। তারা প্রত্যেকেই ইন্দ্রনগর হরিজন কলোনি এলাকায় থাকে বলে জানিয়েছেন পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

