গাজিয়াবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের

মুর্শিদাবাদ, ২৬ আগস্ট (হি স)। ফের ভিনরাজ্যে কাজে গিয়ে প্রাণ হারাতে হল পশ্চিমবঙ্গের তিনজন বাসিন্দাকে৷ তাঁরা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং ফরাক্কার বাসিন্দা৷ উত্তরপ্রদেশে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন৷ সেখানেই বিদ্যুৎস্পষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়৷

মৃতদের নাম – গোকুল মণ্ডল (৪৪), শুভঙ্কর রায় (৩১) ও ইসরাইল শেখ (৩৩)। মৃতদের মধ্যে গোকুল মণ্ডলের বাড়ি সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাঁটিতে। শুভঙ্করের বাড়ি ধুলিয়ানের ১৬ নম্বর ওয়ার্ডের বেতবোনা গ্রামে ইসরাইল ফরাক্কা থানার ইমামনগরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক আগে রাজমিস্ত্রির কাজ করার জন্য তাঁরা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে যান৷ সেখানে কাজ করতে যাবেন বলে তাঁরা দাদনে টাকাও নিয়েছিলেন৷ নিত্যদিনের মতো শুক্রবারও রাজমিস্ত্রির কাজ করছিলেন তাঁরা। সেই সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হন ওই তিন শ্রমিক।

তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। গাজিয়াবাদে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে সামশেরগঞ্জের পাহাড়ঘাঁটি এলাকার শ্রমিকদের মৃত্যুর খবর আসতেই শোকস্তব্ধ তিনটি পরিবার ৷ পরিবারের তরফে দেহ আনার ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, মালদার ঘটনার রেশ এখনও কাটেনি। সম্প্রতি ২৩ জন শ্রমিক মারা গিয়েছেন মিজোরামে। আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে মৃত্যু হয় তাঁদের। পরিবারগুলো এখনও কাছের মানুষের চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে পারেনি। ঘটনার দু’দিন যেতে না যেতেই ফের মৃত্যুর খবর।