উত্তর দিনাজপুর, ২৩ আগস্ট (হি.স.) : সেলফি তুলতে গিয়ে ভুলবশত ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে পরায় এক বাংলাদেশি যুবককে আটক করে বিএসএফ জওয়ানরা।পরে বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ধৃত যুবককে হস্তান্তর করেছে । বুধবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কিষাণগঞ্জে এক বাংলাদেশি যুবক তার মোটরসাইকেল নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে মোবাইল ফোনে সেলফি তুলছিল। তখন বিএসএফ জওয়ানরা ওই বাংলাদেশী যুবক আবু তালেম শান্তকে (১৫) আটক করে।
আটক যুবকের কাছ থেকে বিএসএফ জানতে পারে সে বাংলাদেশের বাসিন্দা। পরে বিএসএফ কর্মকর্তারা বিষয়টি বিজিবিকে জানান। পতাকা বৈঠকের সময় বিজিবির অনুরোধে আটক বাংলাদেশি যুবককে তার মোটরসাইকেলসহ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

