২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবসে দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট।। জাতীয় ক্রীড়া দিবস তথা আগামী ২৯ আগস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন উদযাপন উপলক্ষে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। মুখ্যত ওই দিন রাজ্যব্যাপী প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে খেলাধুলা আয়োজনের উদ্যোগ রয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের। সোমবার ক্রীড়া সচিবের উপস্থিতিতে সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় উপস্থিত ছিলেন না, তবে ভার্চুয়ালি যথাসময়ে তিনি তার মন্তব্য রেখেছেন। ক্রীড়া অধিকর্তা সহ যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের অন্যান্য অফিসার ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে স্থির হয়েছে যে ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবসে রাজ্যের বিভিন্ন ইভেন্টের অ্যাসোসিয়েশনগুলোও খেলাধুলার আয়োজন করবে। ওইদিন সকালে রবীন্দ্রভবন শতবার্ষিকী প্রাঙ্গণ থেকে রেলি বের হবে, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত একাডেমির সামনে এসে শেষ হবে। রাজধানীর পাশাপাশি ব্লক ও মহাকুমা স্তরেও টাগ অফ ওয়ার ও কাবাডি ইভেন্টে প্রতিযোগিতার কথা চিন্তা করা হয়েছে। রাজ্য স্তরে খো-খো, ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতারও আয়োজন করা হবে। এডি নগর হকি গ্রাউন্ডে একদিনের নকআউট ভিত্তিক হকি টুর্নামেন্টের আয়োজন করা হবে বলেও স্থির হয়েছে।