আজ এডিজি বিএসএফ (ইস্টার্ন কমান্ড) সোনালী মিশ্র ত্রিপুরার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন

আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : এডিজি বিএসএফ (ইস্টার্ন কমান্ড) সোনালী মিশ্র আজ ত্রিপুরার সীমান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি সৈন্যদের সাথে মতবিনিময় করেছেন।

এদিন সোনালী মিশ্র প্রথমে বিএসএফ ক্যাম্পাস ফটিকছড়া পরিদর্শনে গিয়েছিলেন। তাঁকে সেখানে বিএসএফ ৪২ নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেন্ট রাজীব বৎসরাজ স্বাগত জানিয়েছেন। তাঁকে এদিন ভারত-বাংলাদেশ সীমান্তে বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি এবং চোরাচালান তৎপরতা দমন ও আইন বজায় রাখার ক্ষেত্রে বিএসএফ জওয়ানরা যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে।

তিনি আজ মোহনপুরে বিওপি–তে একটি সৈনিক সম্মেলনে অংশ নেন এবং সীমান্তে বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলি মূল্যায়ন করতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে দায়িত্ব পালনকারী সীমান্তরক্ষীদের সাথে মতবিনিময় করেন। 

এদিন তিনি সীমান্ত রক্ষায় সীমান্তরক্ষীদের অক্লান্ত প্রচেষ্টা এবং উত্সর্গের প্রশংসা করেছেন। সাথে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি বিএসএফ জওয়ানদের শারীরিক সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের উপর জোর দিয়েছেন এবং তাঁদের জন্য গৃহীত কল্যাণমূলক ব্যবস্থাগুলি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। সৈনিক সম্মেলনের পর তিনি বিওপি ভাগলপুর এবং বিওপি লঙ্কামুড়া পরিদর্শনে গিয়ে জওয়ানদের সাথে মতবিনিময় করেছেন। 

বিকেলে তিনি ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। ওই সাক্ষাতে ত্রিপুরার নিরাপত্তা পরিস্থিতি এবং এটি কার্যকরভাবে মোকাবেলার প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়েছে।