আগরতলা, ১০ জুলাই (হি.স.) : উজ্জীবন স্মল ফাইন্যান্সের দুই কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পশ্চিম থানায় মামলা দায়ের করেন মেলাঘরের বাসিন্দা নারায়ণ দেবনাথ।
নারায়ণ দেবনাথের অভিযোগ, স্বনির্ভর হওয়ার জন্য তিনি উজ্জীবন স্মল ফাইন্যান্স সংস্থা থেকে ৮৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু ঋণ নিয়ে এখন বেকায়দা পড়েছেন তিনি। তাঁর দাবি, ঋণ নেওয়ার সময় সংস্থা থেকে জানানো হয়েছিল ৭.২ শতাংশ হারে সুদ নেওয়া হবে। কিন্তু দেখা গেছে, তাঁর কাছ থেকে ১১-১২ শতাংশ হারে সুদ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি তাঁর কাছ থেকে অতিরিক্ত অর্থ চাইছে সংস্থা। তিনি আরও অভিযোগ করেন, ঋণ পরিশোধ না করা পর্যন্ত তাঁর প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আটকে রেখেছে ওই সংস্থা।
অবশেষে তিনি আজ সকালে ওই সংস্থার আগরতলা শাখায় এসে যোগাযোগ করেন। আগরতলা শাখা থেকেও তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, ঋণ পরিশোধ করতে চাইলে অতিরিক্ত ৪ লক্ষ ২৪ হাজার টাকা দিতে হবে। পাশাপাশি ওই সংস্থার কর্মীকে ২ লক্ষ টাকা দিলে তবেই ঋণ স্থায়ীভাবে পরিশোধ হবে এবং জমির দলিল সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবে। এবিষয়ে তিনি পশ্চিম থানায় সংস্থার দুই কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

