আগরতলা, ২৯ জুন (হি.স) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে বড়সড় সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়। সাথে দুই যুবককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য আনুমানিক ১৩ কোটি ৮০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন তিনি।
ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায় জানিয়েছেন, আমবাসা থানায় গোয়েন্দা সূত্রে খবর আসে আজ বৃহস্পতিবার সকালে টিআর০১বিইউ০২৩৪ নম্বরের গাড়ি করে মিজোরাম থেকে সিপাহীজলা জেলার উদ্দেশ্যে বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে।সেই খবরের ভিত্তিতে আজ সকালে আমবাসার বেতবাগান এলাকার নাকা পয়েন্ট থেকে গাড়িটি আটক করেছে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ প্যাকেটে মোট ৩ কেজি ৪১৫ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করতে পুলিশ সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাথে দুই যুবককে আটক করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ধৃত দুই যুবক বক্সনগরের বাসিন্দা পিকলু ভৌমিক ও মাহাবুল আলম। বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য আনুমানিক ১৩ কোটি ৮০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, বলেন ধলাই জেলা পুলিশ সুপার।

