নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): দেশের সমস্ত রাজনৈতিক দল নিজেদের পরিবারের পার্টিতে পরিণত হয়েছে। কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলকে কটাক্ষ করে এমনটাই বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, এখন আমরা গর্ব করে বলতে পারি, বিজেপি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল।
বৃহস্পতিবার রাজস্থানের ভরতপুরের একটি সমাবেশে নাড্ডা বলেছেন, “আমরা রাজনীতির নতুন মাত্রা শুরু করেছি। সমগ্র দেশের সব দলের কাছে পরিবারই হয়ে গিয়েছে তাঁদের দল, কিন্তু ভারতীয় জনতা পার্টিই একমাত্র দল যেখানে ‘পার্টিই পরিবার’।”
এদিন ভরতপুর থেকে বিজেপির নতুন জেলা অফিসের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাড্ডা। সেই অনুষ্ঠান থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেছেন, ২০১৪ সালের আগে ভারত একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে পরিচিত ছিল। কারণ ২জি, ৩জি স্ক্যাম-সহ অনেকগুলি কেলেঙ্কারি হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর বিশ্বে ভারতের মর্যাদা বেড়েছে।” নাড্ডা আরও বলেছেন, “২০১৪ সালের আগে ভারতের কোনও প্রধানমন্ত্রী যখন আমেরিকায় যেতেন, তখন তিনি কী আলোচনা করতেন… সন্ত্রাস, পাকিস্তান এবং আমাদের ঝগড়া। অথচ মোদীজি যখন আমেরিকা সফরে যান, তারপরে মহাকাশ সংক্রান্ত চুক্তি, বিদেশী সরাসরি বিনিয়োগের চুক্তি এবং একে অপরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার চুক্তি হয়।”

